গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার, চুরি-ডাকাতি, দস্যুতা, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বাড়াতে মাগুরায় ‘ভিলেজ ডিফেন্স পার্টি’ গঠন করা হয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছে জেলা পুলিশ।
শনিবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চণ্ডীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিলেজ ডিফেন্স পার্টির উদ্বোধন করেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, গ্রাম পর্যায়ে টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করতে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না, জনগণকেও নিরাপত্তা ব্যবস্থার অংশ হতে হবে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ভিলেজ ডিফেন্স পার্টির মাধ্যমে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
তিনি আরও বলেন, মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অপরাধ বা অপরাধীর বিষয়ে তথ্য পাওয়া গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা পুলিশের এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ বাড়ানোর একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, গ্রামের মানুষ নিজেদের এলাকার অপরাধ ও অপরাধপ্রবণতা সম্পর্কে দ্রুত জানতে পারেন। তাঁদের সংগঠিত করা গেলে অপরাধ সংঘটনের আগেই তথ্য পাওয়া এবং তা প্রতিরোধ করা সহজ হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। স্থানীয় পর্যায়ে জনগণ ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানো গেলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধন শেষে ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যদের মধ্যে লাঠি, বাঁশি ও গামছা বিতরণ করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই ভিলেজ ডিফেন্স পার্টি গঠনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা করছে পুলিশ।
মন্তব্য করুন