ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস তাদের কার্যক্রমের বড় একটি অংশ কাতার থেকে তুরস্কে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর তথ্য অনুযায়ী, হামাস তাদের সাংগঠনিক কার্যক্রম ধীরে ধীরে তুরস্কে স্থানান্তরের পরিকল্পনা করছে। তবে সংগঠনটির প্রকাশ্য ও প্রশাসনিক কিছু কার্যক্রম আগের মতোই কাতারের রাজধানী দোহা থেকে পরিচালিত হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের এই সিদ্ধান্তের পেছনে কাতার সরকারের সঙ্গে সাম্প্রতিক মতপার্থক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে খলিল আল-হাইয়াকে সংগঠনের নতুন প্রধান হিসেবে নির্বাচনের পর কাতার এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া, কান-এর প্রতিবেদনে আরও বলা হয়, নতুন নেতৃত্ব ঘোষণার পর থেকে দোহায় হামাসের যেকোনো আনুষ্ঠানিক বা দাফতরিক কার্যক্রম পরিচালনার আগে কাতার সরকারের অনুমোদন নেওয়ার শর্ত আরোপ করা হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যেই হামাস বিকল্প কেন্দ্র হিসেবে তুরস্ককে গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এ তথ্য ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। হামাস, কাতার বা তুরস্কের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।
মন্তব্য করুন