দেশে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে PayPal চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, পেপ্যালের কার্যক্রম চালুর লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি এগিয়ে নিতে কাজ চলছে। একইসঙ্গে আগামী পাঁচ বছরে প্রায় ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ৭ হাজার ৫০০ জনকে এই আইডি কার্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাধ্যমে নতুন ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চপ্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়তে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যেখানে Artificial Intelligence, Machine Learning ও Virtual Reality-এর মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে ২০২৬ সালে ২ হাজার ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আগামী পাঁচ বছরে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েটদের আইটিইই প্রশিক্ষণ দেবে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ৮৩টি সেবা অনলাইনে দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরে আরও ১০টি নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন