হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের কুরুচিপূর্ণ প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, হেফাজতে ইসলাম সবসময় গঠনমূলক সমালোচনা ও ভিন্নমতকে স্বাগত জানায়। তবে মানহানিকর ও উসকানিমূলক প্রচারণা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
তিনি বলেন, সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতে ইসলামের শ্রদ্ধাভাজন আমীর ও দেশের আলেমসমাজের অভিভাবক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছেন, যা জনপরিসরে বিভক্তি ও বিরোধ উসকে দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বিবৃতিতে মহাসচিব আরও বলেন, সচেতন ধর্মপ্রাণ মানুষ যেন উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হন, সে আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে ইলিয়াস হোসাইনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বিষয়ে ভিন্নমত থাকলে তা সভ্য, শালীন ও রুচিসম্মত ভাষায় উপস্থাপন করা উচিত। সামাজিক ও জাতীয় ঐক্যের স্বার্থে কটূক্তি ও অশালীন ভাষা পরিহার করারও আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন