খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে নারীসহ চারজন মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাদের খুলনার জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি আভিযানিক দল চুকনগর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে আটক করে। আদালতের আদেশে চাকুন্দিয়া গ্রামের লালু শেখের ছেলে আব্দুল বারিক (৩৯)-কে গাঁজা ও ইয়াবা বিক্রির দায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
একই অভিযানে চাকুন্দিয়া এলাকার কামরুল গাজীর স্ত্রী মোছা. জেসমিন নাহার সীমা (৩০)-কে ইয়াবা বিক্রির অপরাধে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া নরনিয়া গ্রামের আনসার গাজীর ছেলে মো. আব্দুল হালিম গাজীকে তিন মাসের কারাদণ্ড এবং একই গ্রামের ফজলু সরদারের ছেলে আমানুল্লাহ সরদার (৩৪)-কেও আদালত দণ্ডাদেশ প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপপরিদর্শক মোছাম্মৎ জাহানারা খাতুন, সহকারী উপপরিদর্শক মো. আব্দুল হালিম, মো. জিল্লুর রহমানসহ একটি আভিযানিক দল অংশ নেয়।
ডিএনসির পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, আদালতের দণ্ডাদেশের পর সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন