রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ নির্দেশনা জারি করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত চিঠিতে বলা হয়, গত ৩ আগস্ট ক্যাম্পাসে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহতসহ প্রায় ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে উভয় সংগঠন। এতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীর ফেস্টুনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। ফেস্টুনে জামায়াতের কয়েকজন নেতা এবং বিএনপির সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি থাকার অভিযোগ তুলে তা অপসারণের দাবি জানায় ছাত্রদল।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন বলে জানা গেছে।
মন্তব্য করুন