জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা জামায়াতের সাবেক আমির ও আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদ (৫৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর লাবিদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৪ আগস্ট) রাতে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মাদারগঞ্জ থানায় দায়ের করা অর্থ আত্মসাৎ মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া প্রতারণাসহ তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারের পর তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়।
স্থানীয়দের অভিযোগ, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি উচ্চ মুনাফার আশ্বাস দিয়ে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। পরবর্তীতে সমিতির পরিচালকদের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন