রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বহিষ্কারাদেশে অনুমোদন দিয়েছেন।
বহিষ্কৃত নেতারা হলেন—ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার এবং আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুলহাস মৃধাকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ থেকে এবং অপর চারজনকে নিজ নিজ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় নিউমার্কেটের বলাকা মার্কেটের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হন।
সংঘর্ষের পর নিউমার্কেট যুবদলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবির কাচ ও ফ্রেম ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চল অভিযোগ করেন, ফুটপাতের দোকান বসানো নিয়ে স্বার্থান্বেষী মহল ঢাকা কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদল কর্মীদের ব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছে।
অন্যদিকে ছাত্রদল নেতাদের দাবি, সাধারণ কর্মীদের ওপর হামলার ঘটনায় কোণঠাসা হয়ে চঞ্চল নিজেই ভাঙচুরের নাটক সাজিয়ে বিএনপির শীর্ষ নেতাদের ছবি ব্যবহারের মাধ্যমে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন।
নিউমার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন জানান, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। বিএনপির অঙ্গসংগঠনের এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা ও ভাঙচুর চালায়। ঘটনায় উভয় পক্ষের লোকজন হতাহত হয়েছেন।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে। ঘটনার তদন্তে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন