ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। এরই মধ্যে মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যার পর থেকে যানবাহন ও যাত্রীর চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস পর্যন্ত দীর্ঘ যানজটে আটকা পড়েছে হাজারো মানুষ।
জানা গেছে, সন্ধ্যার পর থেকেই উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতির সৃষ্টি হয়, যা পরে রূপ নেয় দীর্ঘ যানজটে। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকে নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘণ্টা বেশি সময় ধরে পথে অবস্থান করছেন। তীব্র গরম, ধীরগতির যান চলাচল এবং দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগ আরও বেড়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করলেও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। সড়কের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে পুলিশ সদস্যদের তৎপরতা দেখা গেলেও ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঢল অব্যাহত থাকায় স্বস্তি ফিরছে না মহাসড়কে।
এদিকে, যাত্রীদের আশঙ্কা- ঈদ যত ঘনিয়ে আসবে, সড়কে চাপ আরও বাড়বে এবং পরিস্থিতির আরও অবনতি হতে পারে। নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভোগান্তিতে পড়া যাত্রীরা।
মন্তব্য করুন