সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি ও পেইজ ব্যবহার করে প্রোপাগান্ডা চালানোর অভিযোগ তুলে এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আলেম মাওলানা ওয়ালি উল্লাহ আরমান।
নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, যারা নিজেদের আকাবিরের অনুসারী দাবি করেন, তাদের কেউ যদি ফেইক আইডি বা পেইজ ব্যবহার করে ভিন্ন ঘরানার আলেম কিংবা রাজনীতিবিদদের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণা চালায়, তবে তা অত্যন্ত দুঃখজনক। তার ভাষায়, বক্তব্য সত্য ও যৌক্তিক হলে পরিচয় গোপন করে অপপ্রচার চালানোর কোনো প্রয়োজন নেই।
তিনি আরও দাবি করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সারাদেশজুড়ে সমন্বিতভাবে পরিচালিত একটি কার্যক্রম, এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করাও সম্ভব হয়েছে।
মাওলানা ওয়ালি উল্লাহ আরমান এ বিষয়ে সাধারণ আলেম সমাজ ও জমিয়তের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের দ্রুত কার্যকর ভূমিকা কামনা করেন। অন্যথায়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে সমাজে বিভ্রান্তি ও নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।
মন্তব্য করুন