চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তারা দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
রোববার বিকেলে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে বাঁশখালী থেকে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। পরে সড়কপথে তিনি বাবুনগর মাদ্রাসার উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ অবস্থান নেন এবং তাকে শুভেচ্ছা জানান। মাদ্রাসায় পৌঁছালে শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ-উচ্ছ্বাস দেখা যায়। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন এবং কুশল বিনিময় করেন।
পরে মাদ্রাসার কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী সড়কপথে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উদ্দেশে রওনা হন।
মন্তব্য করুন