প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার তিনি চট্টগ্রামের বাঁশখালী সফর করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী বাঁশখালীর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে স্বামীহারা এক নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন তিনি। ওই নারীর হাতে চাবি তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রতীকীভাবে ১০০টি পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সফরকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বৃহস্পতিবার উপজেলার চেচুরিয়া এস কে কেবি কনভেনশন হলে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
সভায় নেতারা জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
লায়ন হেলাল উদ্দিন বলেন, দীর্ঘ ২০ বছর পর প্রধানমন্ত্রীর বাঁশখালী আগমন স্থানীয় মানুষের জন্য আবেগ ও গৌরবের বিষয়। অন্যদিকে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রধানমন্ত্রীর সফরকে বাঁশখালীর জন্য একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে উল্লেখ করেন। কর্মসূচির সফলতার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
সফরসূচি অনুযায়ী, রোববার দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত-সংলগ্ন এলাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ১০০টি পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হবে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বাঁশখালীজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠনগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে।
মন্তব্য করুন