জুলাই আন্দোলনকে ঘিরে বিভাজনের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘জুলাই কার’— এমন বিতর্কে না গিয়ে সবাইকে জুলাইয়ের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে।
বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই কোনো ব্যক্তি বা দলের একার নয়, এটি দেশের মানুষের। তাই জুলাইয়ের চেতনা ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। সরকারের লক্ষ্য হলো জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা।
তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে। এ বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করারও আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই একদিনে সৃষ্টি হয়নি। এটি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফল। তাই এ আন্দোলনের চেতনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।”
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটির ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এ জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হয়েছে এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলমান রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদের পুনরুত্থান হতে দেওয়া হবে না এবং এ বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন