চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। ফল প্রকাশের মধ্য দিয়ে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দীর্ঘ অপেক্ষার অবসান হলো।
চলতি বছর পাসের হার গত বছরের তুলনায় কমেছে। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ২০২৪ সালে এ হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ। ২০২৩ সালে ৮০ দশমিক ৩৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।
করোনা মহামারির মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত ২০২১ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল সর্বোচ্চ ৯৩ দশমিক ৬ শতাংশ।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
পরীক্ষার্থীরা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হয়েছে।
সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের চেয়ে পরে ফল প্রকাশ করা হলো।
মন্তব্য করুন