জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান এবং ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সংগঠনের সাবেক ও প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবীণ আলেম মাওলানা শহীদুল ইসলাম আনসারী ও মাওলানা আসগর হোসাইন কাসেমীর নেতৃত্বে প্রাক্তন নেতৃবৃন্দ সংগঠনের মূলধারায় একীভূত হলে তাদের স্বাগত জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল হক কাওসারী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী ও মুফতি ইমরানুল বারী সিরাজীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক সংগঠন। দাওয়াত, ইসলাহ, দ্বীনি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীর ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা বলেন, অতীতের মতপার্থক্য ভুলে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। প্রাক্তন নেতৃবৃন্দের অভিজ্ঞতা, মেধা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে জমিয়তের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, ইসলামী মূল্যবোধের সংরক্ষণ এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন