
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ আব্দুল মুনতাকিম-এর জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।”
তবে বক্তব্যটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠে তার বয়স ও পারিবারিক তথ্য নিয়ে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আব্দুল মুনতাকিমের নির্বাচনী হলফনামায় জন্মতারিখ উল্লেখ করা হয়েছে ১০ জানুয়ারি ১৯৮১। সে হিসাবে তিনি স্বাধীনতার প্রায় এক দশক পরে জন্মগ্রহণ করেন।
এ কারণে অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি তার পিতা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হয়ে থাকেন, তাহলে ১৯৮১ সালে তার জন্ম কীভাবে সম্ভব হলো? বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য ও বিতর্ক ছড়িয়ে পড়েছে।
মন্তব্য করুন