বাংলাদেশে অনুষ্ঠিত ২০২৬ সালের সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১২ মহিলা কাতা বিভাগে স্বর্ণপদক জিতে দেশ ও কক্সবাজারের মুখ উজ্জ্বল করেছে কৃতি কারাতেকা মনিষা।
রাজধানীর মিরপুর-১০ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৫ থেকে ১৯ জুলাই অনুষ্ঠিত হয় পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের ৫৬৫ জন কারাতেকা অংশগ্রহণ করেন।
মনিষার বাবা উদয়ন শংকর পাল মিঠু জানান, ফাইনালে ভারতের ও নেপালের শক্তিশালী প্রতিযোগীদের হারিয়ে অনূর্ধ্ব-১২ মহিলা কাতা বিভাগে স্বর্ণপদক নিশ্চিত করে মনিষা। তার এই অর্জন বাংলাদেশের জন্য গর্বের এবং কক্সবাজারের ক্রীড়াঙ্গনের জন্য একটি স্মরণীয় সাফল্য।
এবারের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটান, নেপাল ও মালদ্বীপের খেলোয়াড়রা অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও মনিষার স্বর্ণজয় দেশের কারাতে অঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা দিয়েছে।
মনিষার এই অসাধারণ সাফল্যে কক্সবাজারের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।
মন্তব্য করুন