তরুণ সমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে আয়োজিত দিনব্যাপী ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ভ্যালেরিয়ন এআরসি লিমিটেড ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী ক্রীড়া ও বিনোদনমূলক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে বিশেষ ফুটবল টুর্নামেন্ট।
মন্ত্রী বলেন, “একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মূলধারার ক্রীড়ায় সম্পৃক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং সবাইকে সমানভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
প্রতিযোগিতায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) চ্যাম্পিয়ন এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রানারআপ হয়।
অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি—উভয় বিভাগের চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি দলকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
আয়োজকদের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, অন্তর্ভুক্তি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’-এর আয়োজন করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের অংশগ্রহণ আয়োজনটিকে আরও মানবিক ও অর্থবহ করে তুলেছে।
মন্তব্য করুন